মুন্সীগঞ্জের বালুয়াকান্দিতে “মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট”

ছুটির দিনে কি করা যায় সেটাই ভাবছিলাম! ভাবছিলাম একটু দূরে কোথাও যাওয়ার, বেশী দূরেও না আবার এমন একটা যায়গা। অবশেষে খোঁজ পেলাম “মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট” এর। মেঘনা ব্রীজ থেকে মাত্র ১ কিলোমিটার দূরে অবস্থিত মুন্সীগঞ্জের বালুয়াকান্দিতে এই রিসোর্ট।

যেই ভাবা সেই কাজ। সকাল বেলা রওনা দিয়ে চলে আসলাম রিসোর্টে। মেইন গেট দিয়ে ঢুকেই পেয়ে গেলাম সুসজ্জিত রিসিপশন। কথা বলে এরপর ঢুকে পরলাম রিসোর্টের আঙিনায়। দারুণভাবেই সাজানো হয়েছে রিসোর্টটি। প্রথমেই চোখে পরবে সুন্দর করে সাজানো ডাইনোসর, মাছ এবং বাঘের প্রতিকৃতি গুলো। রিসোর্টে ঢুকে ডান দিক দিয়ে হাঁটলে চোখে পরবে একটি মিনি চিড়িয়াখানা। যেখানে হরিণ, বানর, কাছিমসহ অনেক কিছু দেখতে পেলাম। এরপর দেখলাম রিসোর্টের মাঝে একটি সুন্দর বাগান সহ মাঠের। বসার সুব্যবস্থা রয়েছে এখানে। এছাড়াও ছোট করে একটি লেক দেখলাম যদিও পানির স্বল্পতায় ততটা মনোমুগ্ধকর লাগলো না। আশা করি শীতকালে আরো সুন্দর হবে পানি উঠলে।

এরপর একটি মিনি পার্ক দেখলাম যেটা মূলত বাচ্চাদের জন্যই। বাচ্চাদের সময় এখানে বেশ ভালোই কাটবে। এছাড়াও পার্কের পাশে বেশ বড় একটি মাঠ আছে। মোটামুটি বেশ ভালো লেগেছে রিসোর্টের প্লেস টা। যদিও কিছু উন্নয়ন দরকার।

এবার আসি কটেজের ব্যাপারে! কটেজ গুলো বেশ সুন্দর। রিসোর্ট আবাসিক এলাকা ১ এবং ২ এভাবে কটেজ গুলো ভাগ করা। আবাসিক এলাকা ১ এ অবস্থিত কটেজগুলো বেশ ভালো এবং বড়। এর মধ্যে ফ্যামিলি এবং হানিমুন স্যুট রয়েছে।

আবাসিক এলাকা ২ এ অবস্থিত কটেজগুলোর রুমগুলো ও বেশ গোছানো।
কটেজ ভাড়া ক্যাটাগরী ভেদে ৪৫০০ থেকে শুরু করে ৯৫০০ টাকা পর্যন্ত।
কটেজে থাকাকালীন ব্রেকফাস্ট এবং লাঞ্চ এর সুবিধা থাকছে।।
এছাড়াও এখানে সুইমিংপুল আছে।। বেশ ভালো কিছু সময় কাটবে এখানে। পুল চার্জ ২৫০ টাকা ২ ঘন্টা জনপ্রতি।
এছাড়া খাবার এর জন্য এখানে নিজস্ব রেস্টুরেন্ট আছে। বাংলা খাবার পাওয়া যাবে এবং দাম হিসেবে খাবার অনেক ভালো।
***মেঘনা রিসোর্টের ভিডিও দেখতে — https://youtu.be/HmV9yB1brQM

***টিকেট – জনপ্রতি ৫০ টাকা।
***যেভাবে গেলামঃ প্রথমে সোজা চলে আসলাম গুলিস্তানের হকি স্টেডিয়াম। এখান থেকে মেঘনা সুপার সার্ভিস বাসে করে সোজা চলে আসলাম মুন্সীগঞ্জের বালুয়াকান্দি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে হেটেই আসা যায় এই রিসোর্টে।

Source: Rafi Hassan‎ Bangladesh Travel Group (BTG)

Share:

Leave a Comment